৩ হাজার বছরের পুরনো স্বর্ণের মাস্ক মিলল চীনে

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২৩:০৪

চীনের সিচুয়ান প্রদেশে ৩ হাজার বছর আগের বিপুল শিল্পকর্ম পাওয়া গেছে। এর মধ্যে সোনার তৈরি একটি মাস্কও রয়েছে। সানজিংডুই প্রত্নস্থলে পাওয়া এই মাস্কটি ব্রোঞ্জ যুগের। বিশেষজ্ঞরা বলছেন, এই আবিষ্কারের মধ্য দিয়ে প্রাচীন শু রাজ্য সম্পর্কে নতুন তথ্য জানা যেতে পারে। তবে রহস্যময় অর্ধমুখী স্বর্ণের মাস্কটি নিয়ে অনলাইনে চলছে নানা আলোচনা-সমালোচনা।—বিবিসি

গত শনিবার স্বর্ণের মাস্কসহ নতুন প্রত্ন নিদর্শনগুলো খুঁজে পাওয়ার ঘোষণা দেয় চীনা কর্তৃপক্ষ। এরপর থেকেই চীনা মাইক্রোব্লগিং সাইট উইবু ব্যবহারকারীরা বিভিন্ন জনপ্রিয় চীনা সাংস্কৃতিক নিদর্শনের ওপর মাস্কটির ছবি সুপার ইম্পোজ করে পোস্ট করা শুরু করেন। ‘সানজিংডুই গোল্ড মাস্ক ফটো এডিটিং কম্পিটিশন’ হ্যাশট্যাগটি দেখা হয়েছে প্রায় ৪০ লাখ বার। এই প্রতিযোগিতায় প্রকাশ করা বেশকিছু ছবি নেটিজেনদের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছে। এমনটি চীনের অন্যতম প্রত্নস্থল সানজিংডুই জাদুঘরের কর্মকর্তারাও এই ছবির মজা নেওয়ায় যোগ দিয়েছেন। অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কাছে চীনা প্রত্ন নিদর্শনের মনোযোগ পাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। গত আগস্টে আরেকটি প্রত্ন নিদর্শন পাওয়া যায়, যার সঙ্গে জনপ্রিয় ভিডিও গেম অ্যাংরি বার্ডসের একটি চরিত্রের ব্যাপক মিল দেখা যায়।

সানজিংডুই প্রত্নস্থলে স্বর্ণের মাস্কের পাশাপাশি ব্রোঞ্জের টুকরা, স্বর্ণের পাত ছাড়াও আইভরি, জেড ও সিল্কের তৈরি নানা নিদর্শন পাওয়া গেছে। মৃতদেহ সমাহিত করতে ব্যবহার করা পাত্রে পাওয়া গেছে এসব নিদর্শন। বিশেষজ্ঞরা বলছেন শু সভ্যতার মানুষেরা প্রিয়জনদের মৃত্যুর পর তাদের শান্তি ও সমৃদ্ধি প্রার্থনায় মৃতদেহের সঙ্গে এসব নিদর্শনও সমাহিত করত।