শেখ হাসিনা বিশ্বে ‘রোল মডেল’ --- বিদ্যা দেবী ভান্ডারি

আপডেট : ২৪ মার্চ ২০২১, ০০:১৮

নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দক্ষিণ এশিয়া তথা সারা বিশ্বের জন্যই ‘রোল মডেল’ হিসেবে উল্লেখ করেছেন। সোমবার নেপালের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাত্ করলে তিনি এ কথা বলেন। বিদ্যা দেবী ভান্ডারি বলেন, রাজনৈতিক নেতৃত্ব যদি চায় তবে সব প্রতিকূলতা সত্ত্বেও দেশের উন্নয়ন করা সম্ভব, তার উজ্জ্বল দৃষ্টান্ত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেপালের প্রেসিডেন্টের ঢাকা সফর উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা বলেন।

বাংলাদেশ ও নেপালের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়টি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে আছে জানিয়ে মন্ত্রী বলেন, এটি স্বাক্ষরিত হলে দ্বিপাক্ষিক বাণিজ্য বহুলাংশে বৃদ্ধি পাবে। চুক্তিটি দ্রুতই স্বাক্ষরিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর ব্যবহারে নেপাল আগ্রহী জানিয়ে মন্ত্রী বলেন, ১৯৭৬ সালে সম্পাদিত নেপাল-বাংলাদেশ ট্রানজিট চুক্তির প্রটোকলের সংযোজনী হিসেবে রোহানপুর-সিংঘাবাদ রেল সংযোগ পয়েন্টকে অন্তর্ভুক্ত করে দুই দেশের বাণিজ্য সচিবদের মধ্যে একটি লেটার অফ এক্সচেঞ্জ স্বাক্ষরিত হয়েছে এই সফরকালে।

বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন নেটওয়ার্ক ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে নেপাল। এছাড়া বাংলাদেশের সৈয়দপুর এয়ারপোর্ট এবং নেপালের বিরাটনগরের মধ্যে সরাসরি বিমান সংযোগ স্থাপনেও নেপাল আগ্রহী বলে জানান মন্ত্রী।

এদিকে গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি। ধানমন্ডি ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা জানান। তিনি পরিদর্শক বইতে স্বাক্ষর করেন এবং জাদুঘর পরিদর্শন করেন। এর আগে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরে নেপালের প্রেসিডেন্টকে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা স্বাগত জানান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ সময় উপস্থিত ছিলেন। দুই দিনের সফর শেষে গতকাল বিকালে ঢাকা ত্যাগ করেন নেপালের প্রেসিডেন্ট।