বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গতকাল মঙ্গলবার বিশ্ব আবহাওয়া দিবস উদ্যাপিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল গতকাল সকালে ঢাকাস্থ আবহাওয়া সদর দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাসুদ করিম ও মো. আশরাফ হোসেন এবং আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ দিবসটির তাত্পর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক ও কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা পরিষদ কর্তৃক একটি টেকনিক্যাল সেশনের আয়োজন করা হয়।
অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি ও প্রামাণ্য চিত্র স্বাস্থ্যবিধি মেনে বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের মূল গেটসহ অফিস চত্বরে বিভিন্ন রঙের পতাকা ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়। আবহাওয়া অধিদপ্তরের ঢাকা, কক্সবাজার, খেপুপাড়া, রংপুর ও মৌলভীবাজারের অপারেশনাল ইউনিট ও রাডার স্টেশনসমূহ জনসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। গুরুত্ব অনুযায়ী এ অধিদপ্তরের বিভিন্ন শাখা অফিসসমূহ দিবসটি সীমিত আকারে পালনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
