প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের সফররত প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং-এর সম্মানে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বল রুমে গতকাল মঙ্গলবার রাতে নৈশভোজের আয়োজন করেন। এর আগে লোটে শেরিং হোটেলে পৌঁছলে প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। উভয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। নৈশভোজের অনুষ্ঠানে জাতির পিতার ছোট মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য এবং পদস্থ সরকারি বেসামরিক ও সামরিক কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং সেদেশের রাজার বিশেষ প্রতিনিধি হিসেবে গতকাল সকালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনে যোগ দিতে ঢাকায় এলে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাল গালিচা সংবর্ধনা জানান। স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে তারা শুভেচ্ছা বিনিময় করেন। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে লোটে শেরিংকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। তাকে স্বাগত জানানো হয় ২১ বার তোপধ্বনি দিয়ে। এরপর ভুটানের প্রধানমন্ত্রীকে নিয়ে শেখ হাসিনা অভ্যর্থনা মঞ্চে পৌঁছালে তিন বাহিনীর সুসজ্জিত একটি দল গার্ড অব অনার দেয়। গার্ড পরিদর্শন শেষে ভুটানের প্রধানমন্ত্রীকে লাইন অব প্রেজেন্টেশনের সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিবেশী দেশের এই সরকার প্রধানের আগমন উপলক্ষ্যে বিমানবন্দর এলাকা বর্ণিল সাজে সাজানো হয়। টার্মিনালের ওপরে এবং সামনে ছিল বাংলাদেশ ও ভুটানের পতাকার সজ্জা। ভিভিআইপি টার্মিনালের দুই পাশে দুই সরকার প্রধানের ছবিও স্থাপন করা হয়। বিমানবন্দর থেকে ভুটানের প্রধানমন্ত্রী সরাসরি সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করার পাশাপাশি পরিদর্শন বইয়েও স্বাক্ষর করেন তিনি। এরপর ভুটানের প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান এবং সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বিকালে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে। পরে তাদের নেতৃত্বে হবে দুই দেশের দ্বিপক্ষীয় বৈঠক। বিকালে বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করে লোটে শেরিং জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে যোগ দেবেন। তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার সকালে ভুটান রওনা হবেন লোটে শেরিং।
