যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছে চীন ও রাশিয়া। দেশ দুটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের শীর্ষ অধিবেশন আহ্বানের দাবি করেছে যেন সাম্প্রতিক বিশ্ব রাজনীতিতে যে অস্থিরতা বিরাজ করছে তা নিয়ে আলোচনা করা যায়। অতি সম্প্রতি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পশ্চিমা শক্তিরা চীন ও রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং তার চীনা প্রতিপক্ষ ওয়াং ইয়ের মধ্যে বেইজিংয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয় গতকাল। তারা যৌথভাবে আহ্বান জানান, যুক্তরাষ্ট্র তার মিত্ররা যেভাবে একের পর এক রাজনৈতিক বিতর্ক তৈরি করছে তাতে নিরাপত্তা পরিষদে বিষয়টি নিয়ে আলোচনার প্রয়োজন। বিশ্ব রাজনীতিতে স্থিতিশীলতা আনার জন্য অধিবেশন জরুরি হয়ে পড়েছে বলে যৌথ বিবৃতিতে উল্লেখ করেছে তারা। অবশ্য মস্কো দীর্ঘদিন ধরে এ জাতীয় শীর্ষ সম্মেলনের জন্য চাপ দিয়ে আসছিল। গতকাল বেইজিং বলে, গণতন্ত্র এগিয়ে নেওয়া ও মানবাধিকার রক্ষার অজুহাতে একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা গ্রহণযোগ্য নয়।
