আদালত থেকে ফেরার পথে সন্ত্রাসী হামলা। রবিন ও আরিফ নামে দুই জনকে মারধর করে ও কুপিয়ে ফেলে যাওয়া হয় সড়কে। গুরুতর অবস্থায় তাদের নেওয়া হয় হাসপাতালে। জরুরি বিভাগে চিকিত্সা দেওয়ার সময় আবারও হানা দেয় দুর্বৃত্তরা, যা ধরা পড়ে সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরায়। গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিটিভির এই ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এর সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে গাজীপুর জজ আদালতে এক মামলায় হাজিরা দেন স্বেচ্ছাসেবক লীগ নেতা রবিন ও আরিফ। সেখান থেকে বের হওয়ার পরপরই রাজবাড়ি মাঠ এলাকায় শাহিনের নেতৃত্বে প্রকাশ্যে তাদের ওপর হামলা চালানো হয়। পথচারীরা তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানেও হানা দেয় শাহীন ও তার লোকজন। পরে আরিফ ও রবিনকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে পাঠানো হয়।
স্বেচ্ছাসেবক লীগের একাধিক কর্মী জানান, চাঁদাবাজির টাকা ভাগাভাগি ও ২৮ নম্বর ওয়ার্ডের টেম্পোস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়।
