যুক্তরাষ্ট্রে মানসিক স্বাস্থ্যসংস্থায় কর্মজীবন শুরু করছেন প্রিন্স হ্যারি

আপডেট : ২৪ মার্চ ২০২১, ০০:৫৮

ব্রিটেনের প্রিন্স হ্যারি যুক্তরাষ্ট্রের মানসিক স্বাস্থ্য সংস্থা বেটারআপ-এ কর্মজীবন শুরু করতে যাচ্ছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে ডিউক অব সাসেক্স সেখানে ‘ইমপ্যাক্ট অফিসার’ পদে দায়িত্ব পালন করবেন। এ ব্যাপারে প্রিন্স হ্যারিও একটি বিবৃতি দিয়ে বলেছেন, তিনি এই দায়িত্ব পেয়ে ভীষণ উচ্ছ্বসিত। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি এই দায়িত্ব পালন করবেন।

তবে প্রিন্স হ্যারির ভূমিকা ঠিক কি হবে, কত ঘন্টা দায়িত্ব পালন করতে হবে কিংবা তাকে কি পরিমাণ অর্থ সম্মানি হিসাবে দেয়া হবে সেটি জানানো হয়নি কোনো পক্ষ থেকে। গত বছর মার্চ মাসে ব্রিটেনের রাজপরিবারে সিনিয়র রয়্যাল সদস্যের দায়িত্ব ছাড়ার পর এটাই প্রথম কর্মজীবন শুরু করবেন হ্যারি। চলতি মাসে অপরাহ উইনফ্রে’র সঙ্গে একটি বিস্ফোরক সাক্ষাতকারে খোলামেলা কথা বলেন হ্যারির স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল।

জানা গেছে, প্রতিষ্ঠানটিতে প্রিন্স হ্যারি মানসিক সাস্থ্য বিষয়ে বক্তব্য রাখবেন। বিভিন্ন কমিউনিটির সঙ্গে যোগাযোগ রাখবেন এবং মানসিক স্বাস্থ্য উন্নয়নে প্রয়োজনে বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলবেন। প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা-কর্মচারির সঙ্গে তাকে সরসারি কাজ করতে হবে না। কিংবা তার অধীনে কোনো কর্মচারিও থাকবে না। উল্লেখ্য, হ্যারি ও মেগান বর্তমানে ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন।