যুক্তরাষ্ট্রে অস্ত্র আইন কঠোর করার ইঙ্গিত বাইডেনের

আপডেট : ২৪ মার্চ ২০২১, ১২:৫৫

মার্কিন যুক্তরাষ্ট্রে অস্ত্রের ব্যবহার সাম্প্রতিক সময়গুলোতে আশঙ্কাজনক হারে বেড়েছে। বিষয়টি নিয়ে চিন্তিত খোদ প্রেসিডেন্ট জো বাইডেন। তাই দেশটিতে অস্ত্র বিষয়ক আইন কঠোর করার ইঙ্গিত দিলেন। মার্কিন কংগ্রেসকে এ বিষয়ে আহ্বানও জানিয়েছেন তিনি। খবর রয়টার্স।

গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) দেশটির কলোরাডোয় একটি সুপার মার্কেটে গুলি চালিয়ে এক পুলিশ কর্মকর্তাসহ দশ জনকে হত্যা করেছে এক বন্দুকধারী। এর আগে পার্লারে হামলা করে বেশ কিছু হতাহতের ঘটনা আলোচিত হয়েছে বিশ্বজুড়ে।

কলোরাডো সেই ঘটনার পরেই হোয়াইট হাউসে এক বক্তব্যে বাইডেন বলেন, ‘জীবন রক্ষার জন্য যে সব পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা নিতে এক ঘন্টা তো দূরের কথা আমার এক মিনিটও প্রতীক্ষা করার প্রয়োজন নেই। আমি কংগ্রেসকে আহ্বান জানাই তারা যেন দ্রুত অস্ত্র বিষয়ক আইন কঠোর করে এবং সহিংসতা দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

এ প্রসঙ্গে হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি জানান, অস্ত্র আইন নিয়ে বেশ কিছু নীতিমালা বাস্তবায়নের পরিকল্পনা করেছেন বাইডেন।

ইত্তেফাক/টিআর