১-৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সর্ববৃহত্ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো-২০২১’

আপডেট : ২৪ মার্চ ২০২১, ১৯:৫৯

মোজাহেদুল ইসলাম

 

‘মেইক হেয়ার, সেল এভরিহোয়্যার’ এ প্রতিপাদ্য নিয়ে ১ এপ্রিল থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩দিন ব্যাপী দেশের সর্ববৃহত্ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো-২০২১।

রাজধানীর আগারগাঁও-এ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের অডিটোরিয়ামে তিন দিনব্যাপি এই প্রদর্শনী যৌথভাবে আয়োজন করছে আইসিটি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি।

রাষ্ট্র পতি জনাব মো. আবদুল হামিদ প্রদর্শনীর উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরে আইসিটি প্রতিমন্ত্রী জানান, করোনা মহামারীর কারণে এবারের প্রদর্শনী সীমিত পরিসরে ফিজিক্যাল ও ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে যে-কেউ বাসায় বসেই মেলার স্টল ভিজিট করতে পারবেন। তিনদিনব্যাপী এই মেলা সকলের জন্য ভার্চুয়ালী উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীতে শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞানকে বাড়িয়ে নেয়ার জন্য নানা ওয়ার্কসপ ও সেমিনারের আয়োজন করা হয়েছে। থাকবে নিত্যনতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ।

সংবাদ সম্মেলনে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।