ভ্যাকসিন প্রাপ্তির পর ভারতকে ধন্যবাদ জানালো মেক্সিকো

আপডেট : ২৪ মার্চ ২০২১, ২১:২৩

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে মেক্সিকোকে সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ৮ লাখ ৭০ হাজার ডোজ ভ্যাকসিন দিয়েছে ভারত। মঙ্গলবার (২৩ মার্চ) সেটির প্রথম ডেলিভারি গ্রহণ করার পর ভারত সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে মেক্সিকান সরকার। বিজনেস স্টান্ডার্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর বলেন, ভারতে অসংখ্য করোনা রোগী থাকায় সেখানে ভ্যাকসিনের প্রয়োজন বেশি। তবুও দেশটির কর্তৃপক্ষ আমাদের এখানে ভ্যাকসিন পাঠিয়েছে। সে জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞ।

ভারতকে ধন্যবাদ জানিয়ে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইবারার্ড ক্যাসোবোন বলেন, ভারতে এক হাজার ৩০০ মিলিয়ন ভ্যাকসিনের প্রয়োজন। যাইহোক, তাদের সরকার সেখান থেকে ৮ লাখ ৭০ হাজার ডোজ পাঠিয়েছে। এই উপকার আমরা কখনই ভুলবো না।

এ ছাড়া কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক ও মানবাধিকার বিষয়ক সচিব মার্থা দেলগাদো পেরাল্টা।

এক টুইট বার্তায় মেক্সিকান ইনস্টিটিউট অব সোসাইল সিকিউরিটি (আইএমএসএস) জানিয়েছে, ভারতের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন ইতিমধ্যে গ্রহণ করেছেন মেক্সিকান সংগীত শিল্পী এনরিক গুজম্যান।

পরিচালক ও প্রযোজক আর্টুরো অ্যালানিস গারজা বলেন, মেক্সিকোবাসীর পক্ষ থেকে নমস্তে। এত খারাপ সময়ের মধ্যেও ভ্যাকসিন পাঠানোয় হৃদয়ের গভীর থেকে ভারতীয় সরকার ও হাইকমিশনার ম্যানপ্রিত বোহরাকে ধন্যবাদ জানাই।

ইত্তেফাক/টিএ