ছাতকে তিন ইউনিয়নের নির্বাচন
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ছাতকের তিনটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী রয়েছেন। ১৮ মার্চ শেষ দিন পর্যন্ত ১৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। পরে গত রবিবার একজন চেয়ারম্যান পদপ্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করলে চেয়ারম্যান পদপ্রার্থী দাঁড়ায় ১৬ জন।
শুক্রবার তিন ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, মহিলা সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. ফয়েজুর রহমানের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হয়। ১৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত উপজেলার নোয়ারাই, ভাতগাঁও ও সিংচাপইড় ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতার জন্য সাধারণ সদস্য পদে ১৩৬ জন প্রার্থী এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। শুক্রবার বাছাইপর্বে তিন ইউনিয়নের সব চেয়ারম্যান প্রার্থী, সদস্য প্রার্থী ও মহিলা সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচনে নোয়ারাই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন—আওয়ামী লীগ মনোনীত আফজাল আবেদীন আবুল, স্বতন্ত্র দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, সামছুর রহমান, মোশারফ হোসেন ও নাসির উদ্দিন। এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
ভাতগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত মাস্টার আওলাদ হোসেন, স্বতন্ত্র মো. গিয়াস মিয়া, উবায়দুল হক শাহীন, লিক্সন মিয়া ও মো. কবির মিয়া। এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সিংচাপইড় ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত সাহাব উদ্দিন মো. সাহেল, জাতীয় পার্টি মনোনীত আনোয়ার হোসেন, স্বতন্ত্র মোজাহিদ আলী, মো. রাসেল মিয়া, সায়েম আহমদ, মো. ফারুক মিয়া ও আব্দুল আহাদ তালুকদার। এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৫২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদ তালুকদার রবিবার তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো. রুনু মিয়া তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মো. ফয়েজুর রহমান জানান, ২৫ মার্চ তিনটি ইউনিয়নের সব চেয়ারম্যান, সদস্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
