ঝালকাঠিতে ধর্ষণ মামলায় দুই জনের যাবজ্জীবন

আপডেট : ২৪ মার্চ ২০২১, ২১:৩৪

গর্ভজাত শিশুর খরচ আদায়ে ডিসিকে নির্দেশ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আসামিরা হলো রানা ও নাদিম। একই সঙ্গে ধর্ষণের শিকার নারীর গর্ভে জন্ম নেওয়া কন্যা শিশুর বিয়ে পর্যন্ত ভরণপোষণ আসামি রানার সম্পদ থেকে নির্বাহ করতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়। মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি রাতে শহরের সিটিপার্ক সংলগ্ন ভাড়া বাড়ি থেকে ১৪ বছরের মেয়েকে ধরে নিয়ে যায় আসামিরা। এ সময় তার মা ঘরে ছিলেন না। এরপর মুখ বেঁধে রানা তাকে ধর্ষণ করে। এ কাজে সহায়তা করে নাদিম। তিন-চার মাস পর ধর্ষণের শিকার ঐ মেয়ের শারীরিক সমস্যা দেখা দিলে তার মা চিকিত্সকের কাছে নিলে অন্তঃসত্ত্বা বলে জানতে পারেন। মেয়েকে জিজ্ঞেস করলে সে ধর্ষণের কথা জানায়। এ ঘটনায় ঐ বছরের ১৮ জুন তার মা বাদী হয়ে মামলা দায়ের করেন।