ওয়েলিংটনে তৃতীয় ওয়ানডে
স্পোর্টস রিপোর্টার
নিউজিল্যান্ড সফরে হারের বৃত্ত ভাঙতে পারছে না বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাটে টানা পরাজয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮। যদিও সর্বশেষ ম্যাচেই অধরা জয়টা পেতে পারত বাংলাদেশ। তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুনের হাফ সেঞ্চুরিতে পাওয়া পুঁজির পর বোলাররা জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু মুশফিকুর রহিম, মেহেদী হাসানের দুটি ক্যাচ মিসের ঘটনায় জয়ের আশা ফিকে হয়ে যায়। ক্রাইস্টচার্চে ম্যাচের সঙ্গে সিরিজটাও হেরে গেছে বাংলাদেশ।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে গতকাল ওয়েলিংটনে এসেছে তামিম বাহিনী। বেসিন রিজার্ভে আগামী ২৬ মার্চ ম্যাচটি অনুষ্ঠিত হবে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৪টায়)। এ ম্যাচে সান্ত্বনার জয়ের সন্ধানেই থাকবে বাংলাদেশ দল।
দ্বিতীয় ম্যাচে ক্যাচ মিসের আক্ষেপে পুড়েছেন বাংলাদেশ অধিনায়ক। জয়ের সুযোগ হারিয়ে হতাশা প্রকাশ করেছিলেন তামিম। তারপরও শেষ ওয়ানডেতে দলকে ইতিবাচক থাকার তাগিদ দিয়েছেন। ওয়েলিংটনে নিউজিল্যান্ডকে হারানোর চেষ্টা অব্যাহত রাখতে চান তামিম। তিনি বলেছেন, ‘আমাদের ইতিবাচক থাকতে হবে। ওয়েলিংটনে আরো ভালো করতে হবে।’
মিঠুনের ক্যারিয়ার সেরা ইনিংস বিফলে গেছে ক্রাইস্টচার্চে। ম্যাচ হারলেও লক্ষ্য থেকে সরে যাননি তিনি। শেষ ওয়ানডেতে নিজের সেরাটা দিতে চান মিঠুন। অন্তত একটা ম্যাচ জিততে চায় বাংলাদেশ। ওয়েলিংটনে জয়ের জন্যই খেলবে সফরকারীরা। মিঠুন বলেছেন, ‘দল হিসেবে আমরা অবশ্যই অন্তত একটি ম্যাচ জিততে চাই। আমরা মনে করি, যদি আমরা অন্তত একটি ম্যাচ জিতি, এটি আমাদের জন্য বড় সাফল্য। এখনো আমাদের একটি ম্যাচ বাকি, সেটায় আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। হয়ত নতুন ম্যাচে আমরা ভিন্ন ফল পাব।’
গতকাল ক্রাইস্টচার্চ থেকে এক ঘণ্টার ফ্লাইটে ওয়েলিংটনে এসে দিনটা বিশ্রামেই কাটিয়েছেন ক্রিকেটাররা। টানা ম্যাচ বলে রিকভারির অংশ হিসেবে হোটেলে সুইমিং করেছেন সবাই। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকের ক্যাচ মিসে উইকেটশূন্য থাকা পেসার তাসকিন আহমেদ গতকাল বলেছেন, ‘আমরা সুইমিং সেশন শেষ করলাম আমাদের অবসাদ কাটিয়ে ওঠার জন্য। আমরা সুইমিং, জাকুজি এগুলো করে স্ট্রেচিং করলাম। কারণ আমাদের ব্যাক টু ব্যাক খেলা আর অনেক ভ্রমণ হচ্ছে এর মধ্যে। রিকভারি ভালো হওয়ার জন্য ওয়েলিংটনে পৌঁছানোর পরে এখানে আমাদের দলের সুইমিং সেশনটা শেষ হলো।’
