স্পোর্টস রিপোর্টার
কয়েক দিন আগেই ফেসবুক লাইভে বিসিবি, বিসিবির পরিচালকদের বিষোদগার করে ক্রিকেটাঙ্গনে উত্তাপ ছড়িয়েছিলেন সাকিব আল হাসান। আলোচনা-সমালোচনার ঝড়ের মধ্যেই গত সোমবার গভীর রাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন তিনি। গতকাল নিজের ৩৪তম জন্মদিনের সকালটা অনুশীলনে নিবিষ্ট থেকেই কাটান সাকিব। বলার অপেক্ষা রাখে না এটি তার আইপিএল খেলার প্রস্তুতি।
গতকাল সকাল ৯টার আগেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হন বাঁহাতি এ অলরাউন্ডার। সোয়া ৯টায় টিম বয় বুলবুলকে নিয়ে বের হন ড্রেসিংরুম থেকে। গন্তব্য ইনডোর। তারপর থ্রো ডাউনের বিরুদ্ধে টানা এক ঘণ্টা ব্যাট করেন সাকিব। ব্যাটিংয়ের শেষ দিকে ফিজিও বায়েজিদুল ইসলাম খান যোগ দেন ইনডোরে। তার উপস্থিতিতেই কিছুক্ষণ বোলিংও করেন সাকিব। পরে ড্রেসিংরুমে ফিরে বিশ্রাম শেষে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে সাক্ষাত্ করেছেন তিনি। সেখানে কিছু সময় কাটিয়ে ১২টার দিকে মিরপুর স্টেডিয়াম ছাড়েন।
বাংলাদেশে আসার পর থেকে গণমাধ্যমকে এড়িয়ে চলছেন সাকিব। বিমানবন্দরের পর গতকাল স্টেডিয়াম ছাড়ার আগেও সাংবাদিকদের অনুরোধে সাড়া দেননি তিনি। বিসিবি সূত্রে জানা গেছে, কয়েক দিনের মধ্যেই আইপিএল খেলতে ভারতে যাবেন অভিজ্ঞ এ ক্রিকেটার। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টেস্ট না খেলে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলতে ছুটি নিয়েছেন সাকিব। কেকেআর শিবিরে যোগ দেওয়ার আগে মিরপুরে একাকি অনুশীলনে নিজের ব্যাটিং, বোলিং ঝালিয়ে নেওয়ার চেষ্টাই করছেন তিনি।
ফেসবুক লাইভের পর থেকে নতুন বিতর্কে জড়িয়েছেন সাকিব। প্রকাশ্যে বিসিবি পরিচালক আকরাম খান, এইচপির অকার্যকারিতা নিয়ে কথা বলেছেন। তা নিয়ে চটেছে বোর্ডও। তার আইপিএলের ছাড়পত্র আটকে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন আকরাম খান। যদিও সহসা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসছে না।
তত্ক্ষণাত্ যতটা গর্জে ছিল, সে অনুযায়ী বর্ষণ হচ্ছে না। সাকিব ইস্যুতে বড় সিদ্ধান্ত এখনই হবে না। স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আইসোলেশনে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ২৬ মার্চের আগে কারো সঙ্গেই তার সাক্ষাত্ হবে না। তাই বোর্ড সভারও সম্ভাবনা নেই। আর বোর্ড সভায় সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বিসিবির।
