যুবাদের আফগান সিরিজ স্থগিত

আপডেট : ২৪ মার্চ ২০২১, ২১:৪০

স্পোর্টস রিপোর্টার

নবগঠিত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রথম আন্তর্জাতিক সিরিজ ছিল আফগানিস্তানের বিরুদ্ধে। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য সিরিজটা স্থগিত হয়ে গেছে। গতকাল এ তথ্য নিশ্চিত করেছে বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগ।

করোনাকালে ভারতে সিরিজ আয়োজনের অনুমতি যথাসময়ে সংগ্রহ করতে পারেনি স্বাগতিক আফগান ক্রিকেট বোর্ড। কয়েক দফা যুবাদের ভারত যাত্রা পেছানোর পরও অপেক্ষায় ছিল বিসিবি। কিন্তু শেষ পর্যন্ত সিরিজটা স্থগিত করা হয়েছে। চলতি মাসেই সিরিজটি হওয়ার কথা ছিল। আগামী মে-জুন বা সেপ্টেম্বরে দুই দলের ফাঁকা সূচি সাপেক্ষে সিরিজটি মাঠে গড়াতে পারে।

গেম ডেভলপমেন্ট বিভাগের ম্যানেজার এইএম কাওসার গতকাল বলেছেন, ‘সময়ের স্বল্পতার কারণে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজটা স্থগিত করা হয়েছে। আপাতত সিরিজটা হচ্ছে না। আমরা দুই পক্ষ সম্মত হয়েছি, পরবর্তীত সময়ে একটা নতুন সূচি করে সিরিজ আয়োজন করা হবে।’

তবে আগামী মাসেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ যুব দল। একটি চার দিনের ও পাঁচটি ওয়ানডে খেলতে আগামী ১২ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।