প্রথমবারের মতো নবনির্বাচিত ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে দেখা করেছেন বার্সেলোনা ম্যানেজার রোনাল্ড কোম্যান। মঙ্গলবার অনানুষ্ঠানিক এক বৈঠকে সামনের মৌসুমেও বার্সার দায়িত্বে কোম্যানকেই বহাল রাখার ইচ্ছা প্রকাশ করেছেন লাপোর্তা। খবর স্প্যানিশ পত্রিকা মার্কার। কিকে সেতিয়ান বরখাস্ত হওয়ার পর এই মৌসুমের শুরুতে ক্লাবের সাবেক খেলোয়াড় কোম্যানকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিলেন তত্কালীন প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ। এর আগে নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন কোম্যান। মঙ্গলবারের বৈঠকে এই ডাচ ম্যানেজারের অধীনে সাম্প্রতিক সময়ে বার্সার পারফরম্যান্সের প্রসংসা করেছেন লাপোর্তা। ২০২১-২২ মৌসুমেও ডাগ আউটে তাকেই ম্যানেজার হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন ক্লাব সভাপতি।
