ইত্তেফাক রিপোর্ট
দারুসসালাম থেকে ৪৫ লাখ টাকার হেরোইনসহ গ্রামীণ ট্রাভেলসের একটি এসি বাস জব্দ করেছে র্যাব। এ সময় বাসটির চালক মো. মাসুদ করিমকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দারুসসালাম রোডের এশিয়া সিনেমা হলের সামনে থেকে বাসটি জব্দ করা হয়। র্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক মাসুদ জানায়, সে দীর্ঘদিন পরিবহন চালকের ছদ্মবেশে সীমান্ত এলাকা থেকে মাদক এনে তা রাজধানীর বিভিন্ন কারবারির কাছে হস্তান্তর করে। তাদের অন্য সহযোগীরাও চোরাচালানের মাধ্যমে হেরোইন এনে বিভিন্ন পরিবহনের বাসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়। তার কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
