অবৈধ অস্ত্র ও মাদকসহ আটক এসআই সাসপেন্ড

আপডেট : ২৪ মার্চ ২০২১, ২১:৪৫

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

অস্ত্র ও মাদকসহ গ্রেফতারকৃত আড়াইহাজার থানার উপ-পরিদর্শক কায়কোবাদ পাঠানকে সাসপেন্ড করেছে জেলা পুলিশ। গত মঙ্গলবার এ নির্দেশ দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, এসআই কায়কোবাদ পাঠানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেবে না জেলা পুলিশ। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। গত সোমবার ভোরে সোনারগাঁওয়ের মেঘনা টোলপ্লাজা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ২৫ রাউন্ড গুলিসহ অবৈধ দুটি বিদেশি পিস্তল ও ২৪০ বোতল ফেনসিডিলসহ এসআই কায়কোবাদ পাঠান ও তার দুই সহযোগী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৩। পরে র্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে। ঐ মামলায় তিন জনকে চার দিনের রিমান্ডে নিয়েছে সোনারগাঁও থানা পুলিশ।