কোটালীপাড়ায় গাছ পড়ে পাঠশালা বিধ্বস্ত শিক্ষকসহ ২০ শিক্ষার্থী আহত

আপডেট : ২৫ মার্চ ২০২১, ০০:২০

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গাছ পড়ে একটি পাঠশালা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এ সময় ঐ পাঠশালার শিক্ষকসহ ২০ শিক্ষার্থী আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এদের মধ্যে গুরুতর আহত দুই জনকে উন্নত চিকিত্সার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল ১১টায় উপজেলার রামশীল ইউনিয়নের মধ্য রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রাজাপুর গ্রামের ইউপি সদস্য অমৃত রায় জানান, এনজিও আশা কর্তৃক এই পাঠশালাটি পরিচালিত হতো। এই পাঠশালায় এলাকার চার-পাঁচ বছর বয়সের ২৫ জন শিশু শিক্ষার্থী লেখাপড়া করত। এই পাঠশালার পাশে রঞ্জন রায় নামে এক ব্যক্তির বড় একটা তুলা গাছ ছিল। গাছটি রঞ্জন রায় পার্শ্ববর্তী পয়সারহাট গ্রামের কাঠ ব্যবসায়ী রশীদ শিকদারের কাছে বিক্রি করে দেন।

তিনি আরো জানান, বুধবার গাছটি কাটার এক পর্যায়ে গাছটি হঠাত্ পাঠশালার ওপর গিয়ে পড়ে। এ সময় পাঠশালার শিক্ষক শোভা বাগচীসহ ২০ শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত শিক্ষক শোভা বাগচী, শিক্ষার্থী নিরব জয়ধর, প্রণব জয়ধর, পাখি জয়ধর, সিনথিয়া জয়ধর, শুভ্রদিব জয়ধরকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এখানে শিক্ষক শোভা বাগচী ও শিক্ষার্থী নিরব জয়ধরের অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই- বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে এনজিও আশার বান্ধাবাড়ি শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান পাঠশালাটি ২০১৯ সালের জুলাই মাসে আমরা বন্ধ করে দিয়েছি।

ঘটনার পর রঞ্জন রায় ও রশীদ সিকদার পলাতক। উপজেলা শিক্ষা অফিসার অরুণ চন্দ্র ঢালী বলেন, করোনার মধ্যে এ ধরনের পাঠশালা খোলা রাখার বিষয়টি আমার জানা নেই। আমি বিষয়টি জেনে যারা পাঠশালা পরিচালিত করছে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব।