বইমেলা অস্তিত্বে মিশে রয়েছে

আপডেট : ২৪ মার্চ ২০২১, ২২:৩৬

করোনার পরিবেশে বাংলা একাডেমির ঐতিহ্যবাহী বইমেলা শুরু হলো। আমি মনে করি, এ বইমেলা ফেব্রুয়ারিতে করা যায়নি করোনার কারণে। কিন্তু তাতে কিছু এসে যায় না। শুরু তো হয়েছে স্বাধীনতার মাসে। তবে বইমেলা মানেই যেন ভাষার মাস ফেব্রুয়ারি। আমার জীবনে বইমেলার ভিন্ন গুরুত্ব রয়েছে। আমার বিয়ে হয়েছিল ২৭ ফেব্রুয়ারি। প্রতি বছর বইমেলায় যাই, বিয়েবার্ষিকী উদ্যাপন করি। এবার বইমেলা না হওয়ায় দিনটিই ভুলে গিয়েছিলাম! বইমেলা এভাবেই আমার জীবনে, আমার     অস্তিত্বে জড়িয়ে রয়েছে।

বইমেলা এখন বিশাল, সব অর্থেই তার ব্যাপ্তি ঘটেছে। প্রকাশকের সংখ্যা বেড়েছে, বই প্রকাশনা বেড়েছে, প্রকাশনার ধরন বদলেছে। বিষয়ভিত্তিক নানা ধরনের বই প্রকাশিত হচ্ছে। পাঠকেরা সেই সব বই আগ্রহ নিয়ে পড়ছে। কিন্তু আমার স্মৃতি ঘিরে রয়েছে সেই পুরোনো দিনের বইমেলা। তখন স্টলের এত সাজসজ্জা ছিল না। অল্প কিছু স্টল থাকত। টেবিল বিছিয়ে সেখানে বই সাজিয়ে বিক্রি করত। লেখকেরাও নিজেদের বই বিক্রি করতেন। সেই মেলার আমেজ ছিল ভিন্ন। সেই দিনগুলো আমাকে স্মৃতিকাতর করে তোলে।

বইমেলায় আমার প্রথম গল্পগ্রন্থ ‘স্থবির যৌবন’ বের হলো ১৯৮৫ সালে। যদিও মেলায় আসি তারও আগে, ১৯৮৩ সাল থেকে। সমসাময়িক কবিদের বই প্রকাশিত হতো। তাদের সঙ্গে আড্ডার দিনগুলো পুরোনো হয় না কখনো। মনে হয় এই তো সেদিনের কথা। বইমেলা যে আমার জীবনে ঠিক কতটা জায়গা জুড়ে রয়েছে, তা বলে বোঝানোর নয়। আমার মেয়ে তখন ছোট্ট। ওকে কোলে নিয়েই চলে যেতাম মেলায়। ছুটির দিনে তো সারা দিন ওকে নিয়েই বইমেলায় কাটাতাম। বইমেলা যেন জীবনের অংশ আমাদের কাছে।

তখন মেলায় যারা আসতেন, সবাই কিছু না কিছু বই কিনতেন। তবে এখনকার মেলায় অনেক মানুষ আসে। বইমেলায় প্রবেশপথে মানুষের দীর্ঘ সারি। কিন্তু সেই তুলনায় কি বই কম বিক্রি হয়? বইমেলায় এসে যদি বইই না কিনি, তাহলে তো মেলায় আসা সার্থক হলো না!

এবারের বইমেলা দেখে একটা কথা মনে হচ্ছে, বইমেলা নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড আবেগ কাজ করে। এই করোনা ঝুঁকির মধ্যেও মানুষ বইমেলায় আসছেন, বই কিনছেন। এটা কিন্তু খুব বড় ঘটনা। বাংলাদেশের মানুষ স্বাস্থ্যবিধি মেনে করোনা সঙ্গে নিয়েই জীবনকে চলমান রেখেছেন। মানুষের এই মানসিকতা আমাকে খুব নাড়া দিয়েছে। যদিও এখন পর্যন্ত বইমেলায় যাওয়া হয়নি। এবারের বইমেলায় আমার কাব্যগ্রন্থ ‘আমি তোমাকে মায়াবাসি এবং করোনা করুণের গান’ প্রকাশ করবে অন্যপ্রকাশ। বইটা প্রকাশ পেলে মেলায় যাব। আমার প্রাণের বইমেলায়!