গোবিন্দগঞ্জে বোমা বিস্ফোরেণে তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিন জন। গতকাল বুধবার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামের আবুল কাসেম প্রধানের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ঐ গ্রামের আবুল কাসেম প্রধানের ছেলে বোরহান উদ্দিন প্রধান (৩৬), একই গ্রামের কবির মিয়ার ছেলে অহেদুল ইসলাম (৩৬) ও সোবহান মিয়া (৪০)।
এলাকাবাসী জানান, ঘটনার কয়েক মিনিট আগে ৩ থেকে ৪ জন অপরিচিত ব্যক্তি আবুল কাসেম প্রধানের বাড়িতে আসে। এর কিছুক্ষণ পর বাড়ির মধ্যে শোরগোল ও গুলির শব্দ শোনা যায়। পরে বিকট শব্দে বোমা বিস্ফোরণে আবুল কাসেমের একটি ঘরের টিনের চাল উড়ে যায়। এ সময় আহত অবস্থায় পালানোর সময় এলাকাবাসী অপরিচিত এক জনকে আটক করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে বাড়িটি ঘেরাও করে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান তিন জন নিহত হওয়ার কথা স্বীকার করে বলেন, এখানে সিআইডির টিম ও বিস্ফোরক বিশেষজ্ঞ দল না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
