শুধু বাগেরহাটেই বিনা ভোটে ৩৯ ইউপি চেয়ারম্যান!

আপডেট : ২৪ মার্চ ২০২১, ২২:৪২

প্রথম ধাপের ৩৭১ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চাপ প্রয়োগ করে জোরপূর্বক মনোনয়ন প্রত্যাহরের অভিযোগ উঠেছে। মনোনয়নপত্র প্রত্যাহরের শেষ দিনে দেশের বিভিন্ন এলাকা থেকে এমন অভিযোগ এসেছে। ফলে এবার নৌকার বিপুলসংখ্যক মনোনীত প্রার্থী ভোট ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছেন। মনোনয়ন প্রত্যাহার নিয়ে সংঘর্ষ এবং সহিংসতার ঘটনাও ঘটেছে বিভিন্ন জায়গায়।

বাগেরহাট প্রতিনিধি জানিয়েছেন, ভয়ভীতি, চাপ প্রয়োগ, হামলার মধ্য দিয়ে বাগেরহাটে প্রথম ধাপে ৭০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগের ৩৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার বিকাল ৫টায় মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হলে বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ এ তথ্য নিশ্চিত   করেছেন। এরা  হচ্ছেন মোল্লাহাট উপজেলার উদয়পুরে এস কে হায়দার মামুন, চুনখোলায় মনোরঞ্জন পাল, কুলিয়ায় মো. মিজানুর রহমান, গাওলায় শেখ রেজাউল কবীর, কোদালিয়ায় শেখ রফিকুল ইসলাম ও আটজুড়িতে মো. মনিরুজ্জামান মিয়া। মোংলা উপজেলার সোনাইলতলায় নাসরিন আক্তার নাজিনা, বুড়িরডাঙ্গায় উদয় শংকর বিশ্বাস, চিলায় গাজী আকবর হোসেন, চাঁদপাইয়ে মোল্লা মো. তরিকুল ইসলাম, সুন্দরবনে মো. একরাম ইজারাদার, মিঠাখালীতে উত্পল কুমার মণ্ডল। শরণখোলা উপজেলার সাউথখালীতে মো. মোজাম্মেল হেসেন, রায়েন্দায় আজমল হোসেন মুক্তা, খোন্তাকাটায় জাকির হোসেন খান মহিউদ্দিন। রামাপালে মল্লিকেরবেড়ে মো. সাবির আহমেদ তালুকদার, হুড়কায় তপন কুমার গোলদার, ভোজপাতিয়ায় তরফদার মাহফুজুল হক টুকু, রামপাল সদরে মো. নাসির উদ্দিন হাওলাদার এবং বাঁশতলীতে মো. মোস্তাফিজুর রহমান সোহেল। চিতলমারীর  হিজলায় কাজী আবু শাহিন, শিবপুরে ওয়ালিউজ্জামান জুয়েল, চর বানিয়ারীতে অর্চনা রানী ঝর্ণা বড়াল এবং সন্তোষপুরে বিউটি আক্তার। ফকিরহাটের ফকিরহাট সদরে শিরিনা আক্তার কিসলু, বেতাগায় ইউনুচ আলী, পিলজংয়ে মোড়ল জাহিদুল ইসলাম ও নলদা-মৌভোগে সরদার আমিনুর রশিদ। কচুয়ার বাধালে নকীব ফয়সাল অহিদ, গোপালপুরে এস এম আবু বক্কর সিদ্দিক, গজালিয়ায় এস এম নাসির উদ্দিন এবং রাঢ়ীপাড়ায় নাজমা আক্তার। বাগেরহাট সদরের বেমরতায় মনোয়ার হোসেন টগর, কাড়াপাড়ায় শেখ মহিতুর রহমান পল্টন, বিষ্ণুপুরে এমডি মাসুদ রানা, বারুইপাড়ায় হায়দার আলী মোড়ল, খানপুরে ফকির ফহম উদ্দিন এবং ডেমায় মো. মনি মল্লিক।  মোরেলগঞ্জের নিশানবাড়িয়ায় সাইফুল ইসলাম।

কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নে সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. মনজুরুল করিম অভিযোগ করেন, মনোনয়নপত্র প্রত্যাহার করতে রাজি না হওয়ায় বুধবার বিকেলে কচুয়া উপজেলা চেয়ারম্যান ও তার সমর্থকেরা তার বাড়িতে হামলা চালায়। তার স্ত্রীকে গালিগালাজ করে ও মাকে লঞ্ছিত করে। অন্যদিকে কচুয়া সদর ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাজরা জাহিদুল ইসলাম মুন্নু অভিযোগ করেন, বুধবার দুপুরে ক্যাডাররা তার বাড়িতে গিয়ে প্রার্থিতা প্রত্যাহারের জন্য হুমকি দেয়।

এদিকে, খুলনা অফিস জানায়, প্রথম ধাপের নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বুধবার খুলনার ৩৩টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় দাকোপ উপজেলায় ইউপি চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের শেখ যুবরাজ ও কয়রা উপজেলায় ইউপি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অপর একজন নির্বাচিত হতে যাচ্ছেন।

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ও মোক্তারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু বকর মিয়া বাক্কু এবং আলমগীর হোসেন। অন্যদিকে, কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, কলারোয়ায় আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য প্রথম ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে  মনোনয়নপত্র দাখিল করা ৫১ জনের মধ্যে ১৩ জন তাদের মনোনয়পত্র প্রত্যাহার করেছেন।  এছাড়া পলাশ (নরসিংদী) সংবাদদাতা জানান, নরসিংদীর পলাশ উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর বাইরে তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানিয়েছেন, উপজেলার ১১টি ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ১৩ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। অন্যদিকে, কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা জানান, ঝালকাঠির কাঠালিয়ায় ইউপি নির্বাচনে কাঠালিয়া সদর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম মামুন ও আমুয়া ইউনিয়নের আসাদুজ্জামান লাল তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে তিন জন এবং সাধারণ সদস্য পদের পাঁচ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা জানিয়েছেন, প্রথম ধাপে অনুষ্ঠিত শিবচরের ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ জন চেয়ারম্যান পদপ্রার্থীসহ ২৮ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। বুধবার (২৪ মার্চ) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ঐ প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।