পাকিস্তান দিবস উপলক্ষ্যে দেশটির জনগণ ও প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে কোভিড-১৯ আক্রান্ত ইমরান খানের সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার ইমরান খানকে লেখা এক চিঠিতে শেখ হাসিনা বলেন, পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। আমার বিশ্বাস, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরো গভীর ও বৈচিত্র্যময় হওয়ার অপার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ সরকার, জনগণ এবং আমার পক্ষ থেকে আপনাকে এবং আপনার মাধ্যমে পাকিস্তান দিবস উপলক্ষ্যে পাকিস্তান সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। উন্নয়ন ও শান্তিতে অংশীদারিত্বের ভিত্তিতে যাত্রা সমুন্নত রাখলে দুই দেশের জনগণই উপকৃত হতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি আপনার সুস্বাস্থ্য ও সুখ এবং সেই সঙ্গে পাকিস্তানের জনগণের ধারাবাহিক অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল বুধবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা পাঠানোর বিষয়টি জানান।
