কাতারের শ্রমিকদের পাশে হাল্যান্ডরা

আপডেট : ২৫ মার্চ ২০২১, ২১:৪৩

মানবাধিকারের বার্তা সংবলিত টি-শার্ট পরে কাতারের অভিবাসী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন নরওয়ে জাতীয় দলের ফুটবলাররা। ২০২২ বিশ্বকাপ আয়োজনে মানবাধিকার লঙ্ঘন করে অভিবাসী শ্রমিকদের কাজ করানোর অভিযোগ রয়েছে কাতারের বিপক্ষে। আয়োজক দেশের বিপক্ষে এমন বার্তা দেওয়ার পরও নরওয়ের খেলোয়াড়দের বিপক্ষে কোনো অভিযোগপত্র দাখিল করা হবে না বলে জানিয়েছে ফিফা।

এই বার্তা দেওয়ার দিনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জিব্রাল্টারকে ৩-০ গোলে হারিয়েছে নরওয়ে। বুধবার দিনের অন্য ম্যাচে জয় পেয়েছে তুরস্ক, বেলজিয়াম, পর্তুগাল, রাশিয়া ও চেকপ্রজাতন্ত্র।

মারবেলায় জিব্রাল্টারের বিপক্ষে ম্যাচের পূর্বে ‘সম্মান প্রদর্শন করুন, মাঠের ভিতরে ও বাইরে’ লেখা টি-শার্ট পরে অনুশীলন করে আর্লিং হাল্যান্ডরা। ম্যাচের পূর্বে নরওয়ে অধিনায়ক মার্টিন ওডেগার্ড জানিয়েছেন, দলের ফুটবলাররা অনেকদিন ধরেই তাদের অনুভূতি প্রকাশের জন্য এরকম কিছু করতে চাচ্ছিল। কাতারে বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে এটিই সর্বশেষ এবং সবচেয়ে বড় প্রতিবাদ। নরওয়ের এই প্রতীকী প্রতিবাদের পর ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, নরওয়ের খেলোয়াড়দের বিরুদ্ধে কোনো শৃঙ্খলা ভঙের অভিযোগ আনা হবে না। বিবৃতিতে আরো বলা হয়, ‘ফিফা বাক্স্বাধীনতায় বিশ্বাস করে, এবং ইতিবাচক শক্তি হিসেবে ফুটবলের ক্ষমতাকেও বিশ্বাস করে।’

গত মাসে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালে কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব তুলে দেওয়ার পর এখন পর্যন্ত সেখানে সাড়ে ৬ হাজারের বেশি অভিবাসী শ্রমিক মারা গিয়েছে। এরপরই নরওয়ের শীর্ষস্থানীয় ক্লাবরা কাতার বিশ্বকাপ বয়কট করার আবেদন জানাতে শুরু করে। হাল্যান্ডদের প্রতিবাদের জবাবে কাতারের বিশ্বকাপ আয়োজক কমিটি একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে তারা এসব হতাহতের ঘটনাগুলোকে ‘ট্যাজেডি’ হিসেবে উল্লেখ করে এর জন্য দুঃখপ্রকাশ করেছে।

বিশ্বকাপ বাছাই :প্রথম পর্ব 

তুরস্ক            ৪-২    নেদারল্যান্ডস

বেলজিয়াম    ৩-১    ওয়েলস

ফ্রান্স            ১-১    ইউক্রেইন

জিব্রাল্টার      ০-৩   নরওয়ে

পর্তুগাল         ১-০    আজারবাইজান

এস্তুনিয়া        ২-৬    চেক প্রজাতন্ত্র