নেপালের টুর্নামেন্টে ফাইনালে বাংলাদেশ

আপডেট : ২৫ মার্চ ২০২১, ২১:৪৩

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপাল এবং কিরগিজস্তান অলিম্পিক ফুটবল দল বিকালে মাঠে নামে। তখন একই সময়ে বাংলাদেশ ফুটবল দলের প্রস্তুতি শুরু হয় আনফার মাঠে। খেলা চলাকালীন হোটেলে ছিলেন ফুটবলাররা। টিভির পর্দায় খেলা কেউ খেলা দেখেছেন বলে নেপাল থেকে জানায় বাফুফে। কোচ জেমি ডে হোটেলেই ছিলেন।

স্বাগতিক নেপাল এবং কিরগিজস্তান অলিম্পিক ফুটবল দলের লড়াইটি গোলশূন্য ড্র হয়েছে। আর এ ড্রয়ে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখে ফাইনালে ওঠে গেল। সেইসঙ্গে স্বাগতিক নেপালও ফাইনালে উঠল। দুই ম্যাচে এক পয়েন্ট পেয়ে কিরগিজ ফুটবল দলের বিদায়। ২৯ মার্চ ফাইনালের আগে বাংলাদেশ-নেপাল নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হবে।

নেপালে করোনাকালীন এই প্রথম কোনো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। নেপালীরা অনেক দিন পর আবার ফুটবল মাঠে ঢুকেছেন। আন্তর্জাতিক ম্যাচ দেখতে কাল স্টেডিয়ামে প্রচুর দর্শক এসেছিলেন। প্রথমত করোনাকালীন ফুটবল খেলা হয়নি। তার ওপর নেপালের খেলা হলে সেখানে বাঁধভাঙা জোয়ার দেখা যায়। করোনার কারণে দশরথের রঙ্গশালা স্টেডিয়ামে স্বাস্থ্য ঝুঁকি থাকলেও কঠোর নিয়মের কারণে সবাই নির্দেশনা মেনে প্রবেশ করেছেন। কিন্তু টিভির পর্দায় দেখা যায় গ্যালারিতে সবাই মিলে মিশে একাকার। কোচ তার খেলোয়াড়দের নিয়ে পরিকল্পনায় ব্যস্ত। কিরগিজ (অনূর্ধ্ব-২৩) ফুটবল দলের বিপক্ষে গোল করতে পারেনি বাংলাদেশ। কিরগিজ দলের ভুলের সুযোগ গোল পেয়ে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। বাস্তবতা বুঝেন কোচ জেমি। গোল করতে হবে সেই মন্ত্রই এখন খেলোয়াড়দের মাথায় ঢোকানো হচ্ছে। ফিনিশিং নিয়ে এখনো কাজ করছেন কোচ। আগামীকাল নেপালের বিপক্ষে খেলা। এই ম্যাচ না জিতলেও চলবে। তবে ম্যাচ জয়ের চেয়ে নিজেদের দলের শক্তিটা দেখার সুযোগ নিতে চান কোচ।