ঢাকায় তাপমাত্রা ৩৯ ছুঁইছুঁই, পরশু বৃষ্টি নামার পূর্বাভাস

আপডেট : ২৫ মার্চ ২০২১, ২২:২৪

সর্বোচ্চ তাপমাত্রা ছিল গতকাল। ঢাকায় ছিল ৩৯ ছুঁইছুঁই। খুলনায় সর্ব্বোচ্চ ৩৯ ডিগ্রি। গরমে দুপুরে তাতিয়ে ওঠে প্রকৃতি। সারা দেশেই দাবদাহ বিস্তার লাভ করেছে। আবহাওয়া অফিস বলছে, আজ শুক্রবার থেকে দাবদাহ কিছুটা কমতে পারে। খরতাপের প্রচণ্ডতা কমে ঠান্ডা বাতাসের সঙ্গে বৃষ্টি নামতে পারে বলেও জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হোসেন বলেন, দেশের অধিকাংশ এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া দাবদাহ ধীরে ধীরে কমবে। চৈত্র মাস হওয়ায় তাপমাত্রা খুব বেশি কমবে না। তবে বৃষ্টির একটি আভাস পাওয়া গেছে। কোথাও কোথাও আবার বজ  অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃষ্টি হলেই তাপমাত্রা কমবে। রবিবারের পর থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টির সঙ্গে ঝড় হবে। তবে বৃষ্টিপাত কোথাও স্থায়ী হবে না। দুই-এক ঘণ্টা ঝোড়ো হওয়াসহ বৃষ্টিপাতের পর আকাশ পরিষ্কার হয়ে যাবে। তিনি জানান, গত কয়েক দিনে দেশের কয়েকটি এলাকার তাপমাত্রা ৩৮ থেকে প্রায় ৪০ ডিগ্রিতে ঠেকেছিল।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, নীলফামারী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে।