দিনাজপুরে দুদকের মামলায় গ্রেফতার সাবেক জেলা অ্যাকাউন্টস অফিসার

আপডেট : ২৫ মার্চ ২০২১, ২২:২৭

দিনাজপুরে প্রায় ২ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় জেলার সাবেক অ্যাকাউন্টস ও ফিন্যান্স অফিসার ও বর্তমানে হিসাব মহানিয়ন্ত্রকে সংযুক্ত কর্মকর্তা সাইফুল ইসলাম মণ্ডলকে গ্রেফতার করেছে দুদক। বৃহস্পতিবার সকালে তাকে দিনাজপুর শহর থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। দুদকের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, গত ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ভুয়া বিল-ভাউচার করে সরকারি কোষাগার থেকে ২ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৪২৮ টাকা আত্মসাত্ করা হয়। এই অভিযোগে দুদক দিনাজপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. আহসানুল কবীর পলাশ বাদী হয়ে গত ৬ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করেন। এর আগে গত ৮ ফেব্রুয়ারি এই মামলায় গ্রেফতার করা হয় হাসপাতালের ক্যাশ সরকার আমিরুল ইসলাম ও দিনাজপুর জেলা অ্যাকাউন্টস অফিসের অডিটর মাহাফুজুর রহমানকে। এ নিয়ে এই মামলায় তিন জন সরকারি কর্মকর্তা গ্রেফতার হলো।