‘বাংলাদেশের জনগণ’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় গতকাল বৃহস্পতিবার জেয়াফতের আয়োজন করে একদল লোক। বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে এ জেয়াফত অনুষ্ঠানের আয়োজন করে তারা। আয়োজনকারীরা নরেন্দ্র মোদির আগমনকে ‘বাংলাদেশ-ভারত বন্ধুত্বের শেষকৃত্যানুষ্ঠান’ হিসেবে নাম দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় টিএসসি এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের একদল নেতাকর্মী। প্রোগ্রাম শুরু হলে আয়োজনকারীদের ওপর হামলা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। হামলায় এক জন আহত হন। সন্ধ্যায় প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা মশাল মিছিল বের করলে ভিসি চত্বর এলাকায় দ্বিতীয় দফা হামলা চালায় ছাত্রলীগ।
ছাত্রলীগের হামলায় প্রগতিশীল ছাত্রজোটের অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হন। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন।
হামলায় দুই সাংবাদিক আহত
এদিকে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয়েছেন দুই সাংবাদিক। এরা হলেন প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফ হাওলাদার ও বাংলা ট্রিবিউনের ঢাবি প্রতিনিধি আবিদ হাসান রাসেল। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
