স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়ে ইমরান খানের চিঠি

আপডেট : ২৬ মার্চ ২০২১, ০০:৩৮

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বাংলাদেশের সঙ্গে থাকা ভ্রাতৃসূলভ সম্পর্ককে পাকিস্তান গভীরভাবে অনুধাবন করে। তার মতে, এই সম্পর্ক স্থাপিত হয়েছিল ইতিহাস, বিশ্বাস এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে। এই সম্পর্কের উদ্দেশ্য টেকসই শান্তি, নিরাপত্তা এবং এই অঞ্চলসহ সমগ্র বিশ্বের উন্নয়ন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে তিনি এসব কথা বলেন। চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান ইমরান খান।

বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক বা বন্ধনকে আরো বিকশিত করার আগ্রহ ব্যক্ত করে চিঠিতে ইমরান খান আরো বলেন, ‘আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই বন্ধন রেখে যেতে চাই। যেহেতু আমরা বিশ্বাস করি, আমাদের দুই দেশের জনগণের গন্তব্য অভিন্ন। তাই আসুন আমরা আমাদের জনগণের ভবিষ্যত্ এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য যৌথভাবে কাজ করি। আমাদের সম্পর্ককে আরো গভীর করতে আমি আপনাকে যত দ্রুত সম্ভব পাকিস্তান সফরের আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে, এর মধ্য দিয়ে (আপনার সফরের মাধ্যমে) আমাদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হবে। আমি এই সুযোগে আপনার দীর্ঘজীবন, সুস্বাস্থ্য এবং সুখী জীবন কামনা করি। একই সঙ্গে বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম জনগণ যে শান্তি, উন্নতি এবং সমৃদ্ধির পথে ক্রমেই এগিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতা কামনা করি।’