আরব সাগরে ইসরায়েলি কোম্পানির মালিকানাধীন একটি কার্গো জাহাজ ক্ষেপনাস্ত্র হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) এ ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
নাম প্রকাশ না করার শর্তে এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা অভিযোগ করে বলেন, এ হামলার পেছনে ইরানের হাত থাকতে পারে। তারাই হামলা চালিয়েছে।
তিনি জানান, জাহাজটি তানজানিয়া থেকে ভারতের উদ্দেশে যাচ্ছিল। তবে হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও এটির যাত্রা থামেনি। এখন গন্তব্যস্থলের পথেই রয়েছে।
ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম ইয়নেট নিউজ ও চ্যানেল১২ জানিয়েছে, বন্দর শহর হাইফার এক্সটি ম্যানেজমেন্টের মালিকানাধীন এই জাহাজটির তেমন ক্ষতি হয়নি।
অবশ্য এ বিষয়ে মন্তব্য জানার জন্য মালিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পারেনি রয়টার্স। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাও বেশি কিছু বলতে রাজি হননি।
এর আগে গত মাসে ওমান উপসাগরে ইসরায়েলের আরো একটি জাহাজে বিস্ফোরণ ঘটেছিল। সে সময় এর পেছনে ইরানের হাত রয়েছে বলে সরাসরি অভিযোগ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও এ অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে ইরান।
ইত্তেফাক/টিএ
