মুশফিকের গ্লাভস হাতে মিস, লিটন ধরলেন খালি হাতে

আপডেট : ২৬ মার্চ ২০২১, ০৫:২৮

আগের ম্যাচে বাংলাদেশের পরাজয়ের পেছনে ক্যাচ মিসকেই দায়ী করেছেন অনেকে। বিশেষ করে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের হাত থেকে ক্যাচ মিস যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। যার ব্যতিক্রম হলো না আজকের ম্যাচেও।

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ শুক্রবার (২৬ মার্চ) ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হওয়া ম্যাচটিতে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। অন্যথায় হোয়াইটওয়াশের লজ্জাবরণ করতে হবে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন স্বাগতিকদের দুই ওপেনার হেনরি নিকোলস ও মার্টিন গাপটিল। তারা যখন উইকেটে দৃঢ় হওয়ার চেষ্টা করছেন ঠিক তখনই আঘাত হানেন তাসকিন আহমেদ। কিন্তু মুশফিকুর রহিমের হাত থেকে হেনরি নিকোলসের সহজ ক্যাচ ফসকে যায়। অবশ্য দুই বল পরই তাকে ফিরতি ক্যাচে প্যাভিলিয়নে ফেরত পাঠান তাসকিন। এবার ক্যাচ ধরেছেন লিটন দাস।

এরপরই কিউই শিবিরে আঘাত হেনেছেন দুই ম্যাচ পর একাদশে ফেরা অভিজ্ঞ পেসার রুবেল হোসেন। খেলা যে ফরম্যাটের হোক না কেনো, দিনশেষে অভিজ্ঞতাই কাজে লাগে। এ কথাটাকেই যেন আবারও প্রমাণ করলেন তিনি। তাইতো ফিরেই নিজের বোলিং জাদু দেখালেন।

মাত্র ৪ ওভার বোলিং করে ইতিমধ্যে ফিরিয়েছেন স্বাগতিকদের অন্যতম সেরা ব্যাটসম্যান রস টেইলর ও মার্টিন গাপটিলকে।

এর আগে প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ হেরে গেছে টাইগাররা। তাই হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে হলে শেষ ম্যাচটি জিততেই হবে। এ ছাড়া ভিন্ন কোনো বিকল্প নেই।

ইত্তেফাক/টিএ