দুই সেঞ্চুরিতে রানের পাহাড়ে নিউজিল্যান্ড

আপডেট : ২৬ মার্চ ২০২১, ০৭:৩৯

দুই সেঞ্চুরির সুবাদে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। আজ শুক্রবার (২৬ মার্চ) ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে মাত্র ৬ উইকেটের বিনিময়ে ৩১৮ রানের বিশাল স্কোর দাঁড় করিয়েছেন কিউই ব্যাটসম্যানরা।

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক টম লাথাম। শুরু থেকেই তাদের চেপে ধরেন বাংলাদেশি বোলাররা। দলীয় ৫০ রানের মধ্যেই তুলে নেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট। এর মধ্যে স্বাগতিকদের অন্যতম সেরা ব্যাটসম্যান রস টেইলর ও মার্টিন গাপটিলকে ফেরান অভিজ্ঞ পেসার রুবেল হোসেন।। অন্যপ্রান্তে কিউইদের চেপে ধরেছেন গতি তারকা তাসকিন আহমেদ।

কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শক্ত ভিত গড়ে তোলেন ডিভন কনওয়ে ও ড্যারিল মিচেল। তারা দুজনই শতক তুলে নেন। এর মধ্যে কনওয়ে সর্বোচ্চ ১২৬ রান করেন। আর বরাবর ১০০ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মিচেল। তাদের শতকের ওপর ভর করে কিউইদের দলীয় স্কোর দাঁড়ায় ৩১৮ রান।

ক্রিকেটে একটি প্রবাদ আছে, ‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’। তাই ম্যাচ জিততে হলে ছোট্ট সুযোগগুলোকেও কাজে লাগাতে হবে। অন্যথায় নিশ্চিতভাবে পরাজয় বরণ করতে হয়। নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলের সঙ্গেও এমনটা হচ্ছে। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ক্যাচ মিসের খেসারত দিতে হয়েছে।

তবুও যেন শিক্ষা নিতে পারলো না বাংলাদেশ। তৃতীয় ম্যাচে এসেও প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ক্যাচ মিসের মহড়ায় লেগেছে মুশফিক-রিয়াদরা। সঙ্গে রান আউটের সহজ সুযোগ মিস ও ভুল ফিল্ডিংতো আছেই। আর এসব সুযোগ কাজে লাগিয়ে রানের পাহাড় গড়েছে স্বাগতিকরা।

এখন হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে হলে তামিম বাহিনীকে রানের পাহাড় পাড়ি দিতে হবে। করতে হবে রেকর্ড ৩১৯ রান।

ইত্তেফাক/টিএ