স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরেই তিনি চলে যান জাতীয় স্মৃতিসৌধে। সেখানে তিনি মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি অর্জুন গাছ রোপণ করেছেন।
এক টুইটে ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জানায়, বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধে অর্জুন গাছ রোপণ করেছেন নরেন্দ্র মোদি। এখানেই ১৯৯৯ সালে সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তার সফরকালে গন্ধরাজ বৃক্ষ রোপণ করেছিলেন।
At Savar, PM @narendramodi planted an Arjuna Tree sapling. This sapling has been planted as a mark of respect for the valorous martyrs of Bangladesh. pic.twitter.com/lknP2ZllDP
— PMO India (@PMOIndia) March 26, 2021
আজ শুক্রবার তাকে বহনকারী বিমানটি সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এসময় ভারতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তাকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার দেওয়া হয়।
গার্ড অব অনারের পরেই সরাসরি হেলিকপ্টার যোগে স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন মোদি। সেখানে আনুষ্ঠানিতা শেষ করার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন হোটেল শেরাটনে ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন।
ইত্তেফাক/টিআর
