বঙ্গবন্ধুকে উৎসর্গ করে পণ্ডিত অজয় চক্রবর্তীর ‘মৈত্রী’

আপডেট : ২৬ মার্চ ২০২১, ১৪:২০

ভারতের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী একটি নতুন রাগ সৃষ্টি করেছেন।  এর নাম রাখা হয়েছে ‘মৈত্রী’। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের স্মারক হিসেবে এমন নামকরণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাজানো ‘মৈত্রী’ উৎসর্গ করা হয়েছে তাঁকেই। 

জাতীয় প্যারেড গ্রাউন্ডের মুজিব চিরন্তন মঞ্চে আজ সন্ধ্যায় ‘মৈত্রী’ পরিবেশন করবেন অজয় চক্রবর্তী। হৃদয়ছোঁয়া সুরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সুন্দর বন্ধনের সুবাস ছড়াবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি এই আয়োজন উপভোগ করবেন। 

ইতোমধ্যে নিজের যন্ত্রীদের নিয়ে প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। এখানে তাকে স্বাগত জানান সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। 

পণ্ডিত অজয় চক্রবর্তীকে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। ২০১১ সালে ভারত সরকার পদ্মশ্রী পদকে ভূষিত করেছে তাকে। ২০১২ সালে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ দুই সম্মাননা মহাসঙ্গীত সম্মান ও বঙ্গভূষণ লাভ করেন তিনি। 

ইত্তেফাক/জেএইচ