স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস আজ। ৫০ বছর আগে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্তি লাভ করে বাংলাদেশ। আজ মহান স্বাধীনতা দিবস। যথাযোগ্য মর্যাদায় সারাদেশে মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। ইত্তেফাক বিভাগীয় অফিস, জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের পাঠানো খবর বিস্তারিত।
রাজশাহী:

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন নগরীতে দিনব্যাপি কর্মসূচি পালন করেছে।
এ উপলক্ষ্যে রাজশাহী জেলা ও বিভাগীয় প্রশাসন, রাজশাহী বিশ^বিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, রাজশাহী সিটি করপোরেশন, রাজশাহী কলেজ, জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি দিনব্যাপি নানা কর্মসূচি পালন করে।
সকালে রাজশাহী কোর্ট চত্বর শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিলেট:
আজ ভোর ৬ টায় বীর শহিদদের প্রতি সিলেট কেন্দ্রীয় শহিদমিনানে বাস্তবায়ন পরিষদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সিলেটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপর একে একে শ্রদ্ধা জানায় জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণি পেশার মানুষ।
বরিশাল:
২৫ মার্চ রাত ১১টায় ১০ মিনিটে ওয়াপদা কলোনীর টর্চার সেল ও বধ্যভ‚মিতে মোমবাতি প্রজ্জলনের মধ্য দিয়ে ১৯৭১ এর ২৫ মার্চের কাল রাত্রির গনহত্যায় শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে হাজার হাজার নারী-পুরুষ।
২৬ মার্চ প্রথম প্রহরে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন স্বাধীনতা স্তম্ভে ও পরে নগরের ৩০ গোডাউনের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড। এর পরপরই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানরগর বিএনপি, বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।
বগুড়া:
বগুড়া জিলা স্কুল মাঠে ১৩ হাজার ৫০০ বর্গফুটের লাল–সবুজ রঙের বিশাল জাতীয় পতাকা প্রদর্শনের উদ্বোধন করা হয়েছে। ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুক্রবার বেলা ১০ টায় এই বিশাল পতাকা প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক, বগুড়ার পুলিশ সুপার আলি আশরাফ ভুঞা, জেলা আওয়ামীলীগ সভাপতি মজিবর রহমান মজনু, সাধারন সম্পাদক সম্পাদক রাগেবুল আহসান রিপু। জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল বারী ঈশা, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা ডা: আরশাদ সায়ীদ, জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী প্রমুখ।
রংপুর:
রংপুরে যথাযোগ্য মর্যাদা এবং স্বাধীনতা যুদ্ধ্যের বীর সেনানীদের সম্মান জানিয়ে শুক্রবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উৎসব পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে রংপুর নগরীর মর্ডাণ মোড়স্থ স্বাধীনতা স্মৃতিস্তম্ভ অর্জন ও কালেক্টরেট সুরভী উদ্যানস্থ ‘শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে’ পুস্পার্ঘ্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মহানগর পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমুখ।
ইত্তেফাক/এনএ
