পশ্চিমবঙ্গে বিধানসভার ৮ পর্বের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল শনিবার। এই দফায় ২৯৪ আসনের মধ্যে ৩০টিতে ভোট গ্রহণ হবে। এই ৩০ আসনের মধ্যে যারা এগিয়ে থাকবে তারা ক্ষমতা দখল ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবে।
২০১৬ সালে এই ৩০ আসনের মধ্যে তৃণমূল ২৭, জাতীয় কংগ্রেস ২ এবং সিপিএমের শরিক দল আরএসপি একটি আসন পেয়েছিল। ২০১৯ সালে বিজেপি লোকসভা নির্বাচনে ভাল ফল করে। পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে তাদের দখলে আসে ১৮টি।
শনিবার যে ৩০ আসনে ভোট গ্রহণ হচ্ছে সেগুলির মধ্যে বিজেপি ২০ এবং তৃণমূল ১০ আসনে এগিয়ে রয়েছে। সে অর্থে এটি বিজেপির গড় বলা যেতে পারে। এই গড়ে ধাক্কা দিতে পারলে মমতার তৃণমূল পশ্চিমবঙ্গে এগিয়ে থাকবে।
২০১৬ সালের লোকসভার ফলে এই এলাকায় বিজেপি ৪৬ শতাংশ, তৃণমূল ৪২, সিপিএম ৫ এবং জাতীয় কংগ্রেস ২ শতাংশ ভোট পেয়েছিল। বিজেপির দাবি, এই ফল আরও ভালো হবে। পাল্টা তৃণমূল বলছে, দুই ভোটের প্রেক্ষিত আলাদা। তাই তারা পুরনো গড় ফিরে পাবে। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে সিপিএম জোট ২৮ শতাংশ ভোট পেয়েছিল। তারা বলছে, কিছু শতাংশ ভোট তাদের দিকে ফিরলে অনেক হিসেব ওলট-পালট হবে।
ইত্তেফাক/ইউবি
