প্রতীক পেয়ে প্রচারণায় প্রার্থীরা

আপডেট : ২৬ মার্চ ২০২১, ২১:২৩

চকরিয়া পৌরসভা নির্বাচন

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে প্রতীক পেয়েই নির্বাচনি প্রচারণায় মাঠে নেমে পড়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বিতাকারী চার মেয়র প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন ও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জনসহ মোট ৬৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। চকরিয়া পৌরসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ এদিন সকাল ৯টা থেকে উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। প্রার্থীরা প্রতীক পেয়ে নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন। সবদিকে শুরু হয়ে গেছে পুরোদমে উত্সবের আমেজ। 

চকরিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রতীক নেওয়া চার জন মেয়র প্রার্থী হলেন, আওয়ামী লীগের মেয়র আলমগীর চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির মনোয়ার আলম (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী জিয়াবুল হক (নারিকেল গাছ) ও অ্যাডভোকেট ফয়সাল সিদ্দিকী (কম্পিউটার)। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ৪৯ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চকরিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বলেন, আগামী ১১ এপ্রিল চকরিয়া পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে মেয়র, মহিলা কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের মোট ৬৭ জন প্রার্থীর কাছে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচনি আচরণবিধি নিয়ে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ টিম। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে।