ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২৪ নেতাকর্মী কারাগারে

আপডেট : ২৬ মার্চ ২০২১, ২১:২৩

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা 

বাউফলে মারামারির ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২৪ জন নেতাকর্মীকে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। এর আগে একই দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসান, বাউফল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ইউসুফ রানা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সিপনসহ ২৪ জন নেতাকর্মী বাউফলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদলতের বিচারক আল আমিন জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ, গত ২১ ফেব্রুয়ারি রাতে শহীদ মিনারে ফুল দেওয়ার সময় এমপি আ স ম ফিরোজ এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে সন্ধ্যার পর শহরের রিকশা স্ট্যান্ড এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুকসহ ১৫-২০ জন আহত হন। ঐ ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ বাদী হয়ে বাউফল থানায় মামলা করেন।