আগৈলঝাড়ায় বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা

আপডেট : ২৬ মার্চ ২০২১, ২১:২৪

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। ফলে চিকিত্সা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন চিকিত্সকরা। প্রতিদিন নতুন রোগী ভর্তির পাশাপাশি অন্তত ২০ জন ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী চিকিত্সা নিয়ে বাড়ি ফিরছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, উপজেলা হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেড়েছে। গত ১৯ থেকে ২৫ মার্চ পর্যন্ত ডায়রিয়া ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই বছর বয়সের অমবিকা বিশ্বাস, ছয় মাসের প্রিয়ংশি বৈদ্য, তিন মাসের মইন, জয় গোপাল, ৯ মাসের সাফিরন, ১২ বছরের মেঘ সিকদার, রাই শিকদার, ১৭ মাসের আলহাজ, ১৮ মাসের সাবিয়া, এক বছরের জোনায়েত, ফালগুনী বালা, ২৫ বছরের জেসমিন আক্তার, এক বছরের নুহান, আট মাসের সোহান, ৬০ বছরের জিন্নাতয়ারা, ১৪ মাসের আমিনা, ১৯ মাসের প্রিংকর রায়সহ অনেকে। তিনি বলেন, হঠাত্ করে আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া রোগ দেখা দিয়েছে। অন্য সময়ের চেয়ে বর্তমানে রোগীর সংখ্যা একটু বেশি। তবে হাসপাতালে পর্যাপ্ত ওষুধ রয়েছে। রোগীদের কোনো সমস্যা হবে না জানিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।