আদালতে স্বামীর স্বীকারোক্তি
স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার সারিয়কান্দি উপজেলার যমুনার চরে গৃহবধূ শেফালী বেগম (২৪) ও তার ছয় মাস বয়সি মেয়ে রুমানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে গলা টিপে প্রথমে ছয় মাস বয়সি মেয়ে সন্তান রুমানাকে ও পরে গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রী শেফালীকে হত্যা করে পাষণ্ড স্বামী আল আমিন (২৮)। বৃহস্পতিবার বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো ওমর ফারুকের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অভিযুক্ত আল আমিন। শুক্রবার দুপুরে বগুড়া জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের দক্ষিণ শংকরপুর গ্রামে ভুট্টাখেত থেকে শেফালী বেগম ও তার ছয় মাস বয়সি মেয়ে রুমানার লাশ উদ্ধার করে পুলিশ। পরের দিন শেফালী বেগমের বাবা ওসমান মণ্ডল বাদী হয়ে সারিয়াকান্দি থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। গত ২১ মার্চ পুলিশ বগুড়া শহর থেকে শেফালী বেগমের স্বামী আল আমিনকে গ্রেফতার করে। সারিয়কান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত আল আমিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
