ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় থেকে অস্ত্র ও গুলিসহ তিন শিকারিকে আটক করেছে বন কর্মচারীরা। বৃহস্পতিবার বিকালে উপজেলার তাওয়াকোচা পাহাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ময়মনসিংহ জেলার গৌরীপুরের শান্তিবাগ এলাকার এ কে এম শরিফুল ইসলাম, শ্রীবরদী উপজেলার ছনকান্দা বটতলা গ্রামের আবদুর রউফ খান ও জানকীখিলা গ্রামের ইউসুফ আলী। বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালিজুরি, রাংটিয়া ও মধুটিলা রেঞ্জের বন কর্মচারীদের যৌথ অভিযানে ঐ তিন শিকারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ১১টি কার্তুজ ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা ইলিছুর রহমান বলেন, আটককৃতদের নামে বিভাগীয় মামলা হয়েছে। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
