‘সম্মানিতবোধ করেছি’

আপডেট : ২৬ মার্চ ২০২১, ২১:২৫

বিনোদন রিপোর্ট

 

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া উচ্ছ্বাস প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত্ শেষে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশজুড়ে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য আয়োজন। এ আয়োজনে অংশ নিতে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে গতকাল সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এ সময় নরেন্দ্র মোদীকে ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা আয়োজনের এক পর্যায়ে দেশের নানা অঙ্গনের তারকারা মোদীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। এটি একইসঙ্গে দেশীয় শিল্পী হিসেবেও বিরাট সম্মানের। নুসরাত ফারিয়া তার অনুভূতি জানিয়ে বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পেরে সম্মানিতবোধ করছি। আশা করি তার সফর দুই দেশের জন্যই ফলপ্রসূ হবে।’

জয়া আহসানকে বলা হয় দুই বাংলার সমান জনপ্রিয় তারকা। এই বিশেষ অনুষ্ঠানে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই ভালোলাগা কাজ করে এবং একজন শিল্পী হিসেবেও বিষয়টি অবশ্যই সম্মানের। রাষ্ট্রীয়ভাবে দেশীয় চলচ্চিত্রের প্রতিনিধি হতে পেরেও ভালো লাগছে।’

এছাড়া স্বাধীনতা দিবস নিয়ে জয়া আহসান তার অফিসিয়াল ফেসবুক পেজে লেখেন, ‘আমি বড় হয়েছি মুক্তিযুদ্ধের গল্প শুনতে শুনতে। আমার মুক্তিযোদ্ধা বাবা যখন তার গল্প করতেন, আমাদের চারপাশে ফুটে উঠতো গেরিলা যুদ্ধের জীবন্ত আবহ। দিব্যি দেখতে পেতাম, পাকিস্তানি বাহিনীর বৃষ্টির মতো গোলাগুলির মধ্যেই অস্ত্র হাতে ছুটে যাচ্ছে এক কিশোর। ছোট বোনটির সঙ্গে কবে যে শেষ গল্প হয়েছিল তার।

আমি মুক্তিযুদ্ধ দেখেছি আমার বাবার গল্পে, প্রাণ নিবেদন করা বহু মুক্তিযোদ্ধার কাহিনিতে, পীড়িত নারীর আর্তিতে, বিদেশি বন্ধুদের হাতের আবাহনে, আকাশে উড়ন্ত লাল-সবুজে। আমি মুক্তিযুদ্ধ দেখেছি এর ৫০ বছরের সোনালি জয়ন্তীতে ভবিষ্যতের দিকে বাংলাদেশের হেঁটে যাওয়ায়। একাত্তরে প্রাণ দেওয়া এবং মুক্তিযুদ্ধের গর্ভ থেকে বাংলাদেশের জন্ম দেখার জন্য বেঁচে থাকা সব বাঙালিকে বিনত অভিবাদন।’

উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে জয়া আহসানের অলাতচক্র ছবিটি। অন্যদিকে নুসরাত ফারিয়া কাজ করছেন দেশীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় ক্যানভাসের চলচ্চিত্র বঙ্গবন্ধু বায়োপিকে।

এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি, ক্রিকেট তারকা ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও নারী ক্রিকেট দলের কয়েকজন তারকা।