বিনোদন ডেস্ক
বর্তমানে ‘ভুলবুলাইয়া টু’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড তারকা কিয়ারা আদভানি। ক্যারিয়ারে খুব অল্প সময়ে নিজেকে মেলে ধরেছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার একটি নারী কেন্দ্রিক সিনেমার প্রধান ভূমিকায় দেখা মিলবে এই অভিনেত্রীকে। ‘কবির সিং’ সিনেমার প্রযোজক মুরাধ খেতানির পরবর্তী সিনেমা ‘অপূর্ব’-তে অভিনয়ের জন্য এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন কিয়ারা।
জানা গেছে, নারী কেন্দ্রিক এই সিনেমাটিতে বর্তমান সমাজের নারীদের জীবনচিত্র তুলে ধরা হবে। থ্রিলারধর্মী সিনেমাটিতে কিয়ারাকে জীবনযুদ্ধের এক প্রতিবাদী নারী রূপে দেখা যাবে। কিয়ারার সঙ্গে এই চরিত্রটির যথেষ্ট মিল থাকায় তাকে নির্বাচিত করা হয়েছে।
তবে এর আগে কিয়ারা ছোট পরিসরের গল্প হওয়ায় সিনেমাটিতে অভিনয় করতে অস্বীকৃতি জানান। তবে পরবর্তীতে সিনেমাটির গল্প শুনে অভিনয় করতে রাজি হন। কিয়ারা বলেন, ‘আমি আসলে নিজেকে ভিন্ন ভিন্নরূপে দেখতে চাই। সব কাজেই অনেক চ্যালেঞ্জ নিয়ে করতে পছন্দ করি। এর আগে আমি ভালো গল্প ও বিগ বাজেটের সিনেমায় কাজ করেছি। কিন্তু এই সিনেমাটির পরিসর অনেক ছোট হওয়ায় একটু দ্বিধায় ছিলাম। তবে পরে ভাবলাম সিনেমাটির পরিসরের চেয়ে গল্পটি অনেক প্রাসঙ্গিক এবং চরিত্রটির সঙ্গে নিজেকে মেলে ধরতে পারলে ক্যারিয়ারে নতুন একটি অর্জন হতে পারে। সিনেমাটি আমাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। তাছাড়া আমার অভিনীত কবির সিং এবং চলমান ভুলবুলাইয়া টু সিনেমা দুটিও একই প্রযোজনার। তারা অনেক যত্ন নিয়ে নির্মাণ করে। সেই আস্থার জায়গা থেকেই কাজের প্রতি আগ্রহ আরো একধাপ বেড়েছে।’
উল্লেখ্য, এই সিনেমা দুটি ছাড়াও শিগগিরই রণবীর সিংয়ের বিপরীতে একটি সিনেমায় দেখা যেতে পারে কিয়ারাকে। এরইমধ্যে সেই সিনেমাটির পরিচালক তাকে পছন্দের তালিকায় রেখেছেন বলে জানা গেছে।
