প্রথম ম্যাচ দেখে অসন্তুষ্ট সালাহউদ্দিন

আপডেট : ২৬ মার্চ ২০২১, ২১:২৯

কাঠমাণ্ডুতে আজ বাংলাদেশ নেপাল ম্যাচ

স্পোর্টস রিপোর্টার

বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন এখন নেপালে অবস্থান করছেন। সেখানে গতকাল সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে টুর্নামেন্ট নিয়ে কথা বলেন বাফুফের সভাপতি। সালাহউদ্দিন বলেন, ‘এই ট্রফিটা আমরা পেতে চাই। তার কারণ হচ্ছে এটা দেশবাসীর জন্য একটা বড় গিফট। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী আর দেশের মানুষেরও ফুটবলের প্রতি ভালোবাসাটা আরো বাড়বে।’ তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের দেশের মানুষ, দলের কোচ, খেলোয়াড়, সংগঠক সবাই একটা ট্রফি চায়।’

কিরগিজস্তানের বিপক্ষে আত্মঘাতী গোলে বাংলাদেশ ৩ পয়েন্ট পেয়ে ফাইনালের টিকিট নিশ্চিত হয়। সেই খেলা মাঠে বসে দেখেছেন বাফুফের সভাপতি সালাহউদ্দিন। খেলা দেখে তার মনে লাগেনি। খেলোয়াড়রা গোল মিস করেছেন। গোল করতে না পারার ব্যর্থতা। সেসঙ্গে কিরগিজ ফুটবলারদের গোল করতে না পারা নিয়ে কথা বলেন বাফুফে সভাপতি। তিনি বলেন, ‘আমাদের ছেলেরা গোল করতে পারেনি। ওরা (কিরগিজস্তান) যেসব সুযোগ পেয়েছিল, সেগুলো গোল হলে ম্যাচটা ঘুরে যেতে পারত। খেলোয়াড়দের উত্সাহ দিতে বাফুফে সভাপতি কাল বাংলাদেশ দলের অনুশীলনে গিয়েছিলেন। সেখানে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন সাবেক এই তারকা। বাংলাদেশের ফুটবলে তিনিই প্রথম খেলোয়াড় যিনি পেশাদার খেলোয়াড় হিসেবে হংকংয়ে খেলতে গিয়েছিলেন। ফুটবলের নানা অভিজ্ঞতার কথা তুলে খেলোয়াড়দের চাঙ্গা করার চেষ্টা করেছেন সালাহউদ্দিন।

কাঠমাণ্ডুতে ২০১৩ সালে শেষবার সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও নেপাল মুখোমুখি হয়েছিল। গ্রুপ পর্বে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ হেরেছিল ২-০ গোলে। সেই হারের কথা এখনো মনে আছে। যদিও ঐ বছরই মার্চে বাংলাদেশ ২-০ গোলে জিতেছিল। তার পরও সেপ্টেম্বরে সাফে হারের কারণে অনেক ক্ষতি হয়েছিল বাংলাদেশের জন্য। এত দিন পর আবার সেই দশরথের মাঠে বাংলাদেশ ও নেপাল মুখোমুখি হচ্ছে আজ। খেলা শুরু হবে পৌনে ৬টায়। ত্রিদেশীয় এই টুর্নামেন্ট আয়োজন করেছে নেপাল। অতিথি দল কিরগিজস্তান অলিম্পিক ফুটবল দল। বাংলাদেশ এরই মধ্যে ফাইনাল নিশ্চিত হলেও নেপালের ফাইনালে ওঠা নিশ্চিত না। তবে কিরগিজ ফুটবল দলের বিদায় প্রায় নিশ্চিত। আজকের খেলায় নেপাল যদি বাংলাদেশের বিপক্ষে ড্র করে তাহলে নেপালে ফাইনালে উঠবে। আর যদি হেরেও যায় তাহলে গোল গড়ের হিসাবে এগিয়ে থাকলে নেপাল ফাইনালে উঠবে। আগামী ২৯ মার্চ ফাইনাল।