সেঞ্চুরি পেয়ে আবেগে ভাসলেন বনার

আপডেট : ২৬ মার্চ ২০২১, ২১:২৯

স্পোর্টস ডেস্ক

অ্যান্টিগায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে ক্যারিয়ারের প্রথম টেস্ট শতকের দেখা পেয়েছেন উইন্ডিজ ব্যাটসম্যান এনক্রোমা বনার। বৃহস্পতিবার তার অপরাজিত ১১৩ রানের ইনিংসে ভর করেই অনায়াসে পঞ্চম দিন পার করেছেন স্বাগতিকরা। সেই সঙ্গে নিশ্চিত করেছে ড্রও।

বাংলাদেশের বিপক্ষে ৯৯ রানের একটি ইনিংস খেলে দলকে সাহায্য করেছিলেন একটি পাহাড়সম লক্ষ্য তাড়া করতে। নারভাস নাইন্টিজের বৃত্ত থেকে বেরিয়ে এবার ক্যারিয়ারের প্রথম শতকটি হাঁকিয়েই ফেললেন ৩২ বছর বয়সি বনার। সেঞ্চুরি করে দলকে একটি গুরুত্বপূর্ণ ড্র করতে সাহায্য করার পর উচ্ছ্বাসের কমতি দেখালেন না তিনি, ‘খুবই আবেগপ্রবণ লাগছে আমার। এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না আমি। মাঠে না থাকলে কেউ বুঝতে পারবে না অনুভূতিটা কেমন। খুবই খুবই দারুণ একটি অনুভূতি।’ 

জয়ের জন্য দরকার ৩৪১ রান, এমন সমীকরণ নিয়ে পঞ্চম দিনে মাঠে নেমেছিল উইন্ডিজরা। ৯১ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পরই স্বাগতিকরা ড্র করার পরিকল্পনা গ্রহণ করেছিল বলে জানিয়েছেন বনার। সেই পরিকল্পনা ভালোভাবেই বাস্তবায়ন করলেন বনার-কাইল মেয়ার্সরা। বনারের শতকের পাশাপাশি মেয়ার্সের অর্ধশতকে ভর করে ৪ উইকেট হারিয়ে ২৩৬ রান করে দিন শেষ করেছে স্বাগতিকরা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ মার্চ, অ্যান্টিগাতেই।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা ১ম ইনিংস : ১৬৯, ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ২৭১

শ্রীলঙ্কা ২য় ইনিংস : ৪৭৬

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস : (লক্ষ্য ৩৭৫, আগের দিন ৩৪/১) ১০০ ওভারে ২৩৬/৪ (বনার ১১৩*, মেয়ার্স ৫২; বিশ্ব ২-৭৩, এম্বুলদেনিয়া ২-৬২)।

ফল: ম্যাচ ড্র।

ম্যাচসেরা: এনক্রোমা বনার।

সিরিজ: দুই ম্যাচের সিরিজে ০-০ সমতা।