সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে দিলেন অঁরি

আপডেট : ২৬ মার্চ ২০২১, ২১:৩০

অনলাইন বর্ণবাদ ও হেনস্তার প্রতিবাদস্বরূপ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাবেক ফ্রান্স ও আর্সেনাল কিংবদন্তি থিয়েরি অঁরি। গতকাল টুইটারে নিজের ২৩ লাখ অনুসারীর উদ্দেশে একটি বার্তা দিয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন অঁরি। ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ফুটবলারদের হেনস্তা করা নিয়মিত ঘটনা হয়ে উঠেছে এখন। বিশেষ করে কৃষ্ণাঙ্গ ফুটবলারদের উদ্দেশে করা বর্ণবাদী মন্তব্যের পরিমাণ ভয়ানকভাবে বেড়েছে গত কয়েক মাসে। মার্কোস রাশফোর্ড, অ্যান্থনি মার্শিয়াল, উইলফ্রেড জাহার মতো অনেক ফুটবলারই এমন বর্ণবাদের স্বীকার হচ্ছেন প্রতিনিয়ত। এ ব্যাপারে ক্লাবগুলো জোর নিন্দা জানালেও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কোনোরকম ব্যবস্থাই নেয়নি এখন পর্যন্ত। এর প্রতিবাদস্বরূপ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অবসর নেওয়ার সময় অঁরি বলেন, ‘বর্ণবাদ, হেনস্তার ফলে যে পরিমাণ মানসিক নির্যাতনের স্বীকার হতে হচ্ছে ভুক্তভোগীদের, সেটা উপেক্ষা করা সম্ভব না।’  অবস্থা নিয়ন্ত্রণে আনতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার আগ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে আর ফিরে আসবেন না বলেও জানিয়েছেন অঁরি।