কাবাডিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়াই হবে বাংলাদেশের

আপডেট : ২৬ মার্চ ২০২১, ২১:৩০

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেশগুলো ঢাকায় আসতে শুরু করেছে। পোল্যান্ড এরই মধ্যে এসেছে। গতকাল পৌঁছেছে কেনিয়া ও শ্রীলঙ্কা। নেপাল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হবে ২৮ মার্চ। কাবাডি ফেডারেশন এখন আয়োজন নিয়ে ব্যস্ত। গতকাল শ্রীলঙ্কা ঢাকায় আসে এবং দলের তিন খেলোয়াড় জিমে গিয়েছিলেন। অন্যরা বিশ্রামে ছিলেন। বাংলাদেশে শ্রীলঙ্কার যে দলটি এসেছে ২০১৯ সালে কাঠমান্ডুতে এসএ গেমস কাবাডিতে সে দলটি রৌপ্য পদক জয় করেছিল। নেপাল এসএ গেমসে শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ। বঙ্গবন্ধু কাপে চার বিদেশি দলের একটি শ্রীলঙ্কা। এবার এই দলটিকে হারানোর ব্যাপারে খেলোয়াড় সবুজ মিয়া জানান, ‘আমাদের অনুশীলন কার্যক্রম ভালো হচ্ছে। দল এবার বেশ গোছানো। প্রতিপক্ষ দলগুলো শক্তিশালী বিশেষ করে পোল্যান্ড ও কেনিয়া। সবশেষ ২০১৬ সালে বিশ্বকাপে এ দুটি দল ভালো করেছে। বিশেষ করে কেনিয়ার উন্নতি চোখে পড়ার মতো। প্রতিপক্ষ দলগুলো সম্পর্কে কোচ আমাদের ধারণা  দিচ্ছেন, আশা করছি টুর্নামেন্টে আমরা ভালো করতে পারব। আমাদের দলের সেই সামর্থ্য রয়েছে।’