ফিরেই সুইডেনকে জেতালেন ইব্রা
স্পোর্টস ডেস্ক
ফিফা র্যাংকিংয়ের সর্বনিম্ন দল, স্যান ম্যারিনোকে হারাতে মোটেই বেগ পেতে হয়নি গ্যারেথ সাউদগেটের ইংল্যান্ডকে। বৃহস্পতিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে র্যাংকিংয়ের ২১০তম দলকে ৫-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। আর পাঁচ বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরে ম্যাচের একমাত্র গোলটি করিয়ে সুইডেনকে জিতিয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ।
স্যান ম্যারিনো দেশটির জনসংখ্যা ৩০ হাজারের মতো। আর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনে খেলা ইংলিশ ফুটবলারের সংখ্যাই ১ কোটি ৪০ লাখ। ইতালির ভিতরে অবস্থিত এই ক্ষুদ্ররাষ্ট্র ফুটবলীয় পরাশক্তি ইংল্যান্ডের সামনে যে দাঁড়াতেই পারবে না সেটা জানাই ছিল। ওয়েম্বলিতে তাই দলের সিনিয়রদের বসিয়ে তরুণদের সমন্বয়ে একটি একাদশ নামিয়েছিলেন ম্যানেজার সাউদগেট। এই ম্যাচ দিয়ে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হওয়া তরুণ স্ট্রাইকার অলি ওয়াটকিন্স গোল পেয়েছেন। এছাড়া গোল পেয়েছেন জেমস ওয়ার্ড-প্রস, রহিম স্টার্লিং এবং জোড়া গোল করেছেন এভারটন স্ট্রাইকার ডমিনিক কালভার্ট-লুইন।
ওদিকে পাঁচ বছর পর সুইডেনের জার্সিতে ফেরা ইব্রাহিমোভিচ তার সামর্থ্যের পরিচয় দিয়েছেন এ রাতে। সুইডেনের সোলনায় অনুষ্ঠিত জর্জিয়ার বিপক্ষে ম্যাচের ৩৫তম মিনিটে তার করা ভলিতে পা লাগিয়েই ম্যাচের একমাত্র গোলটি করেন ভিক্টর কেইসন। ফিরে এসে এদিনে একটি রেকর্ডও করলেন ৩৯ বছর বয়সি ইব্রা। সুইডেনের জার্সি গায়ে খেলা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় বনে গিয়েছেন তিনি।
দিনের অন্যান্য ম্যাচে জয় পেয়েছে জার্মানি, ইতালি ও কানাডা। আর গ্রিসের বিপক্ষে প্রায় পুরো ম্যাচে বলের দখল নিজেদের পায়ে রেখেও ১-১ ব্যবধানে ড্র করেছে স্পেন।
বিশ্বকাপ বাছাই- প্রথম পর্ব
n ইংল্যান্ড ৫-০ স্যান ম্যারিনো
n জার্মানি ৩-০ আইসল্যান্ড
n সুইডেন ১-০ জর্জিয়া
n ইতালি ২-০ নর্দান আয়ারল্যান্ড
n স্পেন ১-১ গ্রিস
