ফরিদপুরে রাজাকারের সন্তানকে আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া হবে না : নিক্সন চৌধুরী

আপডেট : ২৬ মার্চ ২০২১, ২১:২৫

ফরিদপুর-৪ আসনের সংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকলে এদেশে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হবে। আর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হলে শহিদ পরিবার ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবে। 

শুক্রবার বিকেলে ফরিদপুর কবি জসীমউদ্দীন হলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব শতবর্ষ উপলক্ষে শহীদ পরিবারের সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 

নিক্সন চৌধুরী বলেন, ফরিদপুরে আর কোনো রাজাকারের সন্তানদের আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া হবে না। 

কারও নাম না করে নিক্সন চৌধুরী বলেন, সাবেক জাসদ নেতা লন্ডনে তারেক জিয়ার সঙ্গে দেখা করে অর্থ বিনিময় করবেন, আর আওয়ামী লীগের রাজনীতি করবেন- শেখ হাসিনা তা করতে দেবেন না। ভাঙ্গার এক দানব বক্তৃতায় বলতো- উপরে আল্লাহ আর নিচে শেখ হাসিনা, তার পর আমি। সেই নেতাই এখন ভাইসা গেছে । ফরিদপুরের সেই ক্ষমতাধর এখন কোথায়? বাঘে থাবা মারলে রক্ষা পাওয়া যায়, শেখ হাসিনা থাবা মারলে রক্ষা পাওয়া যায় না। 

তিনি আরও বলেন, যে সব নেতা কমিটি দিতে গিয়ে টাকা খায়, তাদের দিয়ে আওয়ামী লীগ চলবে না, এদের বাদ দিতে হবে।

ফরিদপুর শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামচুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামিম হক, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাব বোস, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান প্রমুখ। 

 

ইত্তেফাক/ইউবি