এএফপি
উত্তর কোরিয়া বৃহস্পতিবার সমুদ্র অভিমুখে ‘নতুন ধরনের’ দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর এটি হলো পিয়ংইয়ংয়ের এ ধরনের প্রথম পদক্ষেপ।
পরমাণু ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়ার ‘উসকানিমূলক’ পদক্ষেপের অংশ হিসেবে বিভিন্ন অস্ত্র ব্যবহার করে পরীক্ষা চালানোর দীর্ঘ ইতিহাস রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের প্রথম বছরে একের পর এক অস্ত্রের পরীক্ষা চালানোকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরীয় নেতা কিম জং উন বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন।
ঐ অঞ্চলে মার্কিন মিত্রদেশ দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) জানান, উত্তর কোরিয়া দক্ষিণ হামজিয়ং প্রদেশ থেকে জাপান সাগর অভিমুখে স্বল্পপাল্লার দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। কোরিয়ার কাছে এটি পূর্ব সাগর নামে পরিচিত। জেসিএস আরো জানায়, ক্ষেপণাস্ত্র দুটি সর্বোচ্চ ৬০ কিলোমিটার ওপর দিয়ে ৪৫০ কিলোমিটার পথ অতিক্রম করে সাগরে গিয়ে পড়ে। ক্ষেপণাস্ত্র দুটির ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
এদিকে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদ সুগা দ্ব্যার্থহীনভাবে উত্তর কোরিয়ার দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা সাংবাদিকদের জানান। তিনি আরো বলেন, ‘এ ধরনের পরীক্ষা আমাদের দেশ এবং এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি। এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবেরও লঙ্ঘন।’
